ঝিনাইদহ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখ গ্রামে মাটি খোঁড়ার সময় দুই বাক্স স্থল মাইন পাওয়া গেছে।
বুধবার রাত ৯টায় এই মাইনগুলো উদ্ধার করা হয় বলে ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, গ্রামের একটি পুকুর পাড়ে মাটি খোঁড়ার সময় পলিথিনে মোড়ানো দু'টি বাক্স পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
তিনি বলেন, পুলিশ বাক্স দু'টি উদ্ধার করলেও ভিতরে কয়টি মাইন আছে তা নিশ্চিত করা যায়নি। তবে ৩০ থেকে ৩৫টি হবে বলে ধারণা করা হচ্ছে। বাক্সগুলো কোন পদার্থের তৈরি তাও তিনি জানাতে পারেননি।
বাক্সের উপর পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরি ১৯৭০ সাল লেখা আছে। ধারণা করা হচ্ছে মাইনগুলো মুক্তিযুদ্ধের সময়ের।
মাইনগুলো পুলিশ ঘিরে রেখেছে। সেনাবাহিনীর বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সুপার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৩ ঘ.
bdnews24