২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন' বিল সংসদে পাস

'বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিল ২০১১' ও 'ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সংশোধনী) বিল ২০১১' পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিল ২০১১' ও 'ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সংশোধনী) বিল ২০১১' পাস হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকার বুধবার বিল দুটি জাতীয় সংসদে উত্থাপন করার পর সেগুলো কণ্ঠ ভোটে পাস হয়। আহাদ আলী সংসদে বলেন, ১৯৭৫ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়মী লীগ সরকারের সময় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন গঠনের প্রস্তাব করা হয়। কিন্তু বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ায় সে প্রস্তাব আর বাস্তবায়িত হয়নি। পাস হওয়া বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিলে অসহায় ও দুঃস্থ ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের জন্য অনুদান ও আর্থিক সহায়তা দানসহ ১২টি উদ্দেশ্য সাধনের কথা বলা হয়েছে। এছাড়া ১৯৭৬ পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপ্রাপ্ত ১৯টি সংস্থার সভাপতি নিয়োগের জটিলতা নিরসনে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সংশোধনী) বিল ২০১১ সংসদে পাস হয়েছে। এ দুটি বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন বিলে বলা হয়েছে, দুঃস্থ, আহত ও অসমর্থ্য ক্রীড়াসেবী ও তাদের পরিবারের কল্যাণ, চিকিৎসা, আর্থিক সহায়তা, অনুদান ও বার্ষিক বৃত্তি প্রদানের লক্ষ্যে এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। ন্যাশনাল স্পোর্ট কাউন্সিল (সংশোধনী) বিল সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদে বলেন, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪-এর ২০ ধারা অনুসারে এ তফসিল সংশোধনের ক্ষমতা সরকারের ছিল। অর্থাৎ সরকার ইচ্ছা করলে তফসিলে ফেডারেশনের সংখ্যা বৃদ্ধি অথবা হ্রাস করতে পারতো। কিন্তু ১৯৭৬ সালের সংশোধনী অধ্যাদেশে সেই ক্ষমতা রহিত করা হয়। তিনি বলেন, বর্তমানে ক্রীড়া পরিষদের স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা ৪১। কিন্তু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ (২০০৩ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী তফসিলভুক্ত কেবল ২২টি ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন বা সরকার কর্তৃক মনোনয়নের বিধান রয়েছে। বাকি ১৯টি ফেডারেশনের সভাপতি নিয়োগের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। এ জন্য জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর সভাপতি নিয়োগের সুবিধার্থে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সংশোধনী) বিল ২০১১ পাস করা হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২০৮ ঘ.