২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে গুলিতে আ.লীগ নেতাসহ দুই জন নিহত

রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদউল্লাহ (৫৫) ও তার গাড়ির চালক হারুনুর রশিদ (৪৫) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদউল্লাহ (৫৫) ও তার গাড়ির চালক হারুনুর রশিদ (৪৫) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার বিকাল ৩টার দিকে কদমতলী থানার কমিশনার রোডে কাকলি সংসদ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সাংসদ সানজিদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছোট মেয়ের বিয়ে উপলক্ষে মোহাম্মদউল্লাহ গাড়ি নিয়ে দাওয়াত দিতে সকালে বের হন। দুপুর ৩টার দিকে কমিশনার রোড দিয়ে ৮৮ নম্বর ওয়ার্ডের কয়েকজন নেতার বাসায় যাচ্ছিলেন তিনি। এ সময় তার গাড়ির সামনে থেকে সন্ত্রাসীরা গুলি চালালে ঘটনাস্থলেই চালক মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান মোহাম্মদউল্লাহও মারা গেছেন। সাংসদ সানজিদা খাতুন জানান, মুক্তিযোদ্ধা মোহাম্মদউল্লাহ আগামী সিটি করপোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া তিনি দুলদুল পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক, রিনা কেমিক্যালস ইন্ড্রাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার সময় মোহাম্মদউল্লাহর সাথে ছিলেন দলের কর্মী ইমরান (২২) ও জাহিদ (২০)। ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জুরাইন আওয়ামী লীগ অফিসে দাওয়াত কার্ড দেওয়ার পর আমরা গাড়িতে করে ৮৮ নম্বর ওয়ার্ডে যাচ্ছিলাম। কমিশনার রোডের মোড়ে পৌঁছানোর পর যানজটে গাড়ি থমকে যায়। এ সময় হঠাৎ গুলির শব্দ পাই। চালক হারুন কপালে গুলি লেগে গাড়ির সিটে পড়ে যায়। আর কাকা (মোহাম্মদউল্লাহ) সিটের ওপর পড়ে যান। আমাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান কাকা।" মোহাম্মদউল্লাহর ব্যক্তিগত সচিব মো. কামাল হোসেন জানান, গ্রেড ইন্টারন্যশনাল নামের একটি প্রতিষ্ঠান গত বছর জুরাইন এলাকা থেকে লোকজনকে ঠকিয়ে ২০০ কোটি টাকা নিয়ে যায়। সেটি তদন্ত করে টাকা ফেরত দেওয়ার জন্য সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা একটি কমিটি করে দেন। মোহাম্মদউল্লাহ ওই কমিটির সভাপতি ছিলেন। প্রতারক প্রতিষ্ঠানটিতে কাজ করতেন ইমু নামের এক ব্যক্তি। মোহাম্মদউল্লাহ দুই সপ্তাহ আগে ইমুর বাবা কেরামত আলীর কাছ থেকে তাদের মেডিকেল রোডের চার কাঠার একটি বাড়ি তার বডিগার্ড জাহিদের নামে লিখিয়ে নেন। এর পর থেকেই মোহাম্মদউল্লাহর কাছে নানা রকম ফোন আসতে থাকে। কামাল হোসেন বলেন, "সপ্তাহখানেক আগে থেকে কাকার কাছে কয়েকবার, জাহিদের কাছে একবার বিদেশি নাম্বার থেকে ফোন আসে। ডাকাত শহীদের পরিচয়ে তারা বলে, জোর করে বাড়ি লিখিয়ে নিয়েছ। এখন আমাদের দুই কোটি টাকা দিতে হবে।" এছাড়া সাবেক সাংসদ সালাউদ্দিন আহম্মেদের নামে থাকা স্থানীয় একটি স্কুলের নাম পরিবর্তন নিয়েও কয়েকজনের সঙ্গে মোহাম্মদউল্লাহর বিরোধ ছিল বলে জানান তিনি। মোহাম্মদউল্লাহর বড় মেয়ে আমেনা বেগম রিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন ধরেই তার বাবাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। তবে কে বা কারা হুমকি দিচ্ছিল, তা তিনি জানাতে পারেননি। কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বলেন, "হত্যার কারণ হতে পারে, এ রকম বেশ কিছু বিষয় পাওয়া গেছে। সব দিন বিবেচনায় রেখেই তদন্ত শুরু হয়েছে।" তবে রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম নিহতের স্বজনদের সান্তনাা দিতে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের বলেন, "কয়েকদিন পরেই তার মেয়েকে তুলে দেওয়ার কথা ছিল। আমরাও তার দাওয়াত পেয়েছিলাম। এ রকম একটি সময়ে এই দুঃখজনক ঘটনা ঘটল।" "হত্যাকারী যেই হোক, যে দলেরই হোক, কাউকে ছাড়া হবে না," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/জেকে/২২৪১ ঘ.