২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের বক্তব্য শুনলো তদন্ত কমিটি

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে কিছু কেন্দ্রে ফল ঘোষণায় দেরি ও সহিংসতার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাছে বক্তব্য দিয়েছেন মেয়র মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে কিছু কেন্দ্রে ফল ঘোষণায় দেরি ও সহিংসতার বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাছে বক্তব্য দিয়েছেন মেয়র মনজুর আলম। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে কমিটির সদস্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক মেয়রের বক্তব্য শোনেন। পরে মনজুর আলম সাংবাদিকদের বলেন, "নির্বাচনের ফল ঘোষণার সময় সংঘটিত সহিংসতা ও ফল ঘোষণার বিলম্বের কারণ কমিটি জানতে চেয়েছে। আমি জবাব দিয়েছি।" তবে সহিংসতার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি। নির্বাচন অনুষ্ঠানের ১০ মাস পর তদন্ত করতে আসা প্রসঙ্গে মনজুর আলম বলেন, "এটি আইনগত বিষয়। এর সঙ্গে যুক্ত অন্যরাও বক্তব্য দেবেন।" তদন্ত কমিটি কি কি জানতে চেয়েছেন সে বিষয়ে বিস্তারিত বলেননি মেয়র মনজুর। এর আগে সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে সিটি করপোরেশন নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষ ও এর আশেপাশের এলাকা ঘুরে দেখে তদন্ত কমিটি। এছাড়া নির্বাচনে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের বক্তব্য নেওয়া হয়। গত বছরের ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে ওই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছিলো। সেখান থেকেই নির্বাচনী ফল ঘোষণা করে কমিশন। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে ৯৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। তবে ভোটের ফল ঘোষণার সময় নিয়ন্ত্রণ কক্ষের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচনে ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ৬০টির ফল ঘোষণার পর বাকি কেন্দ্রগুলোর ফল ঘোষণাতেও বিলম্ব হয়। এ ঘটনা তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বুধবার পরাজিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী ও রিটার্নিং কর্মকর্তা জেসমনি টুলীর বক্তব্য নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/জেকে/২১৩৮ ঘ.