ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিযুক্ত লিবীয় রাষ্ট্রদূত আহমেদ আতিয়া হামাদ আল-ইমান পদত্যাগ করেছেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিষয়টি বাংলাদেশ সরকারকে নিশ্চিত করেছে লিবিয়া সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিতে বলা হয়, রাষ্ট্রদূতের পদত্যাগের পরিপ্রেক্ষিতে ঢাকায় লিবীয় দূতাবাসের অ্যাসিট্যান্ট সেক্রেটারি (কোঅপারেশন) এশতিউই এলফিলাইদনি চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফীর ৪১ বছরের শাসনের অবসান ঘটাতে দেশটির হাজার হাজার মানুষ গত বুধবার থেকে বিক্ষোভ করছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি ও সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ২৩৩ জন নিহত হয়েছে।
এই সহিংসতা ও সরকারের দমন নীতির প্রতিবাদে চীন, যুক্তরাজ্য, ভারত, পোল্যান্ড, সুইডেন, আরব লীগ, বেলজিয়াম, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া ও জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার উপ-রাষ্ট্রদূত এবং কয়েকটি দেশে লিবিয়ার দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৬১০ ঘ.
bdnews24