রংপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের কাউনিয়া উপজেলায় পুলিশকে পিটিয়ে আট জুয়ারিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার রাতে হারাগাছ পৌরএলাকার মায়াবাজার মহল্লায়।
পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আবদুস সামাদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে সাইদুল ইসলাম (২৮), সোহেল (২০), রাশেদ (২৪), আমিনুর রেজা (২৩), আশফাক হোসেন (২৮), রফিকুল ইসলাম (২৬), আবদুল্লাহ (২১) ও মোসলেম উদ্দিন (২৬) আটক করা হয়।
আটককৃতদের নিয়ে যাওয়ার সময় পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে জুয়ারিদের ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় পুলিশের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
হারাগাছ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবদুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় তিনি নিজেই বাদি হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওই মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৫ ঘ.
bdnews24