মাগুরা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের মণিরামপুর গ্রামে গ্রামবাসীর হাতে জখম হয়ে একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজা জানান, রোববার বাঘটি মণিরামপুর গ্রামের একটি ছাগলকে ধাওয়া করে। এরপর গ্রামবাসীও এটিকে ধাওয়া দেয়। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে গাছে উঠে পড়লে নিচ থেকে বল্লম দিয়ে আঘাত করে বাঘটিকে নামানো হয়।
প্রাণিসম্পদ হাসপাতালের চিকিৎসক ডা. মনোজিৎ কুমার মণ্ডল জানান, বল্লমের আঘাতে হৃদপিণ্ডে ক্ষত হলে অতিরিক্ত রক্তক্ষরণে বাঘটির মৃত্যু হয়।
অন্যদিকে শালিখা উপজেলার চিত্রা নদী থেকে সাড়ে সাত ফুট দীর্ঘ একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন এক কৃষক।
হাফিজুর রহমান নামে ওই কৃষক জানান, রোববার বিকালে বাড়ির পাশে চিত্রা নদীর বাবুর ঘাটে গোসল করতে গিয়ে তিনি ডলফিনটি ভাসতে দেখেন। পরে এলাকাবাসীর সহায়তায় এটিকে উদ্ধার করা হয়।
জেলা ফরেস্ট অফিসার শ্যামল কুমার মিত্র জানান, এটি মিঠা পানির ডলফিন।
বনবিভাগের জাদুঘরে রাখার জন্য মৃত ডলফিনটি ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/১৯২০ ঘ.
bdnews24