ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মিনার এলাকায় প্রবেশে একটিমাত্র গেট খোলা রাখায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নিরাপত্তা কড়াকড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
তবে পুলিশ বলেছে, নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মহান একুশে ফেব্রুয়ারি পালনে লোকজন সোমবার শুধু পলাশী গেট দিয়ে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে পেরেছেন। এতে সকাল থেকেই পলাশী গেটে দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ঝামেলা এড়াতে অনেকে সেখান থেকেই ফিরে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দোয়েল চত্বর ও অন্য স্থানে স্থাপিত গেটগুলো দিয়ে সকাল থেকেই লোকজনকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এসব গেট দিয়ে লোকজন বের হতে পেরেছেন।
শহীদ মিনারে ফুল দিতে পরিবারের সদস্যদের নিয়ে উত্তরা থেকে এসেছিলেন শওকত আলী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহবাগ নেমে টিএসটি গেট দিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দোয়েল চত্বর গেট দিয়ে যেতে চাইলেও যেতে পারিনি।"
"এতো ঝামেলা দেখে আমরা শহীদ মিনারে ফুল দিতে পারিনি", বলেন তিনি।
শওকতের মতো অবস্থা মিরপুরের বাসিন্দা আসাদেরও। তিনি জানান, টিএসটি গেট দিয়ে ঢুকতে না পেরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পলাশী গেট দিয়ে শহীদ মিনারে গিয়েছিলেন।
নিরাপত্তা কড়াকড়ির কারণে অনেক মানুষ শহীদ মিনার এলাকায় প্রবেশ না করেই চলে যান। তারা বলেছেন, অন্তত টিএসটি গেট খোলা রাখা হলে এতো ভোগান্তিতে পড়তে হতো না।
বেলা ১টার দিকে পলাশী গেটে গিয়ে দেখা যায়, সেখানে হাজার হাজার মানুষ হাতে ফুল, ব্যানার-ফেস্টুন নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আতিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঢাবির শিক্ষার্থীদেরকেও টিএসটি গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।"
এদিকে টিএসসি গেটে ভীড় বাড়তে থাকলে বেলা ১টার পরে গেটটি খুলে দেওয়া হয়। তবে দোয়েল চত্বরের গেট বন্ধ রাখা হয়।
র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান রোববার দুপুরেই সাংবাদিকদের জানিয়েছিলেন, পুলিশের সঙ্গে সমন্বয় করে র্যাব শহীদ মিনার এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেবে। ওই এলাকায় র্যাবের পাঁচ শতাধিক সদস্য মোতায়েন থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১৬২০ ঘ.
bdnews24