রাজশাহী, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাঘা উপজেলার একটি ডিগ্রি কলেজে একুশের প্রথম প্রহরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়াধাওয়ি হয়েছে।
সোমবার রাত সোয়া ১২টার বাঘার শাহ্দৌলা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একুশের প্রথম প্রহরে কলেজ শহীদ মিনারে ফুল দেওয়া শেষে বিএনপি সমর্থকরা দলীয় স্লোগান দিয়ে মিছিল শুরু করলে আওয়ামী লীগ সমর্থকরা তাদের ধাওয়া করে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বাঘা থানার ওসি আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুই দলের ডামাডোলের মধ্যে পড়ে জাতীয় পার্টির এক কর্মী সামান্য আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রাজশাহীর অন্যান্য স্থানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে।
কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ফুল দেয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে নগরীর ভূবন মোহন পার্ক শহীদ মিনারে প্রথমে ফুল দেন প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু এবং সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান, উপ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ্সহ প্রশাসনের কর্মকর্তারা ফুল দেন।
ভোরে বিভিন্ন আবাসিক হল, বিভাগ, পেশাজীবী সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
সকালে শহীদ স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও বাংলা হাতের লেখা প্রতিযোগিতা, কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর কোরআনখানি ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫১০ ঘ.
bdnews24