২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের শিকার আদিবাসী কিশোরী, গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের একটি আবাসিক হোটেলে আদিবাসী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের একটি আবাসিক হোটেলে আদিবাসী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ শুক্রবার বিকালে ওই হোটেলের মালিক ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ডায়মন্ড আবাসিক হোটেলের মালিক মো. আলমগীর ও ব্যবস্থাপক শিবলী। বুধবার দিবাগত রাত ২টার দিকে ডায়মন্ড হোটেলে বান্দরবান সদর থেকে আসা ১৪ বছর বয়েসী ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। সে বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে পুলিশ জানিয়েছে। কিশোরীটির বাড়ি বান্দরবান সদর উপজেলার ওয়াই ব্রাই পাড়ায়। বান্দরবান সদর ও নগরীর চান্দগাঁও থানা পুলিশ জানায়, চট্টগ্রামে বেড়াতে আসা ওই কিশোরী বাস না পেয়ে তার চাচার সঙ্গে ডায়মন্ড হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। রাতে ব্যবস্থাপক ও মালিক চাচাকে বেঁেধ রেখে কিশোরীটিকে ধর্ষণ করে। বান্দরবান সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর থানায় ধর্ষণের বিষয়টি অবহিত করে একটি সাধারণ ডায়রি করেছে ওই কিশোরী। পরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার জন্য চট্টগ্রামের চান্দগাঁও থানায় পাঠিয়ে দেওয়া হয়। চান্দগাঁও থানার ওসি সৈয়দ আব্দুর রব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণে জড়িত অভিযোগে মালিক ও ব্যবস্থাপককে তারা গ্রেপ্তার করেছেন। শুক্রবার বিকালে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/২১৪৫ ঘ.