নাটোর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে একটি বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এক প্রকৌশলী, তার স্ত্রী ও ছেলে মারা গেছে।
শুক্রবার দুপুরে গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- প্রকৌশলী রবিউল ইসলাম (৪০), তার স্ত্রী তানিয়া ইসলাম (৩৫) ও তিন মাস বয়সী ছেলে তানজিম আহমেদ।
রবিউল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
বনপাড়া মহাসড়ক পুলিশ জানায়, রবিউল ঢাকা থেকে নিজের প্রাইভেটকারে কুষ্টিয়ায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
কুষ্টিয়া থেকে ঢাকাগামী স্কাই লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংর্ঘষ হয়।
এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। রবিউল নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
পুলিশ জানায়, বাসটি ঘটনাস্থলে ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে বনপাড়া মহাসড়ক থানায় একটি মামলা হয়েছে।
নিহতদের লাশ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নাটোরের জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে কুষ্টিয়ার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
বনপাড়া মহাসড়ক থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24