রাঙামাটি, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির লংগদুতে বসতি স্থাপনকারী এক বাঙালির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাংগিড়াপাড়া ও রাজনগর এলাকায় বৃহস্পতিবার পাহাড়ি-বাঙালি সহিংসতার খবর পাওয়া গেছে। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১৫টি বাড়িতে আগুন দেওয়া হয়।
পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও শান্তিচুক্তি সমর্থক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পৃথক বিবৃতিতে এ সহিংসতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার কাজে গিয়ে নিখোঁজ হন সাবের আলী (৪৫) নামে এক বাঙালি। বুধবার রাংগিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার লংগদু উপজেলা সদরে বাঙালিরা বিক্ষোভ-সমাবেশ করে। এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে রাংগিপাড়া এলাকায় পাহাড়িদের বসত বাড়িতে তারা আগুন দেয়। এতে কমপক্ষে নয়টি বাড়ি পুড়ে যায়। এ ঘটনার জের ধরে পাহাড়িরাও গুলশাখালী ইউনিয়নের রাজনগর এলাকায় বাঙালিদের ছয়টি বাড়িতে আগুন দেয়।
এ ব্যাপারে বগাচতর ইউপি চেয়াম্যান ওয়াশেখ আলী বলেন, একদল দুষ্কৃতকারী রাংগিপাড়ায় বাঙালিদের ৬টি এবং পাহাড়িদের দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে।
তবে বিজিবি সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে তিনি জানান।
ঘটনার সত্যতা যাচাইয়ে লংগদু থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক শাহাজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অগ্নিসংযোগের কথা তিনি শুনেছেন। তবে কয়টি ঘরবাড়ি পুড়ে গেছে তা জানাতে পারেননি তিনি।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান শাহাজাহান।
এদিকে, ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের সোনামুনি চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে রাঙিপাড়া গ্রামে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এতে দাবি করা হয়, গুলছাখালি থেকে কয়েক শ' বসতি স্থাপনকারী বাঙালি একটি লাশ নিয়ে মিছিল শেষে সন্ধ্যা ছয়টার দিকে রাঙিপাড়া গ্রামে হামলা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেয়।
পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ভূমিকারও সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, তারা বাঙালিদের প্রত্যক্ষ সহায়তা দিয়েছেন।
অন্যদিকে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা ওই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি রাংগিড়াপাড়ায় পাহাড়িদের কমপক্ষে ১২টি এবং গুলশাখালী গ্রামে জুম্মদের পাঁচটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২২২ ঘ.
bdnews24