২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব সদস্যের লাশ উদ্ধার

বাগেরহাট সদর উপজেলায় পরিত্যক্ত একটি রেল লাইনের ওপর থেকে র‌্যাবের এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলায় পরিত্যক্ত একটি রেল লাইনের ওপর থেকে র‌্যাবের এক সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। নিহত বিপ্লব কুমার দে (৩৯) বরিশাল র‌্যাব-৮ এর সদস্য ছিলেন। এর আগে তিনি খুলনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক পদে দায়িত্ব পালন করেন। বিপ্লব সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্রামের মৃত বারিন্দ্রনাথ দে'র ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের পরিত্যক্ত বাগেরহাট-রূপসা রেল লাইনের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাস্থল থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিপ্লবের লাশের পাশ থেকে সাইথালন নামে একটি কীটনাশকের খালি শিশি এবং পকেট থেকে দেড়শ টাকার একটি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।" তিনি জানান, ওই স্ট্যাম্পে তিনি তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় উল্লেখ করে যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি তার বোন ডলি রাণী দের ছেলে অমিত দেকে দেওয়ার জন্য লিখে গেছেন। র‌্যাব-৮ এর সহ-অধিনায়ক মেজর সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ ফেব্র"য়ারি ১০ দিনের ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে ক্যাম্প ছেড়ে যান বিপ্লব। বিপ্লবের ভগ্নিপতি বিপুল কৃষ্ণ সন্নামত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছুটির সময় বিপ্লব কোথায় ছিলেন আমরা সেটা জানি না। গত দুর্গা পূজার পর তিনি আর বাড়ি আসেননি।" বিপ্লবের সঙ্গে তার স্ত্রী সরস্বতীর বিরোধ চলছিলো। তাদের বিরোধ মীমাংসায় বুধবার রাতে সালিশ বসার কথা ছিল বলে জানান তিনি। তিনি জানান, এ জন্য তাকে বার বার ফোন করে বাড়িতে আসতে বলা হয়। সর্বশেষ বুধবার রাত সাড়ে ১০টায় বিপ্লব জানান, তিনি পিরোজপুরে আছেন। গাড়ি পেলে রাতে বাড়ি আসবেন। এসআই জানান, এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিপ্লবের লাশের ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৯০৫ ঘ.