২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনা হত্যা মামলায় শিল্পীর রিমান্ড

শরীয়তপুরে কিশোরী হেনা আক্তার হত্যা মামলার অন্যতম আসামি শিল্পী বেগমকে পাঁচদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

শরীয়তপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে কিশোরী হেনা আক্তার হত্যা মামলার অন্যতম আসামি শিল্পী বেগমকে পাঁচদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। শিল্পী মামলার প্রধান আসামি মাহবুবুর রহমান খানের স্ত্রী। বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তার করা ছয় আসামি- মাহবুব, শিল্পী, ইদ্রিস শেখ, জয়নাল মীর মালত, আলাবক্স করাতি ও হাফেজ মো. মফিজকে বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। এদের মধ্যে শিল্পীকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মনিরউজ্জামান পাঁচদিন হেফাজত চান। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আব্দুল মন্নান হেফাজত মঞ্জুর করেন। এর আগে মাহবুব ও ইদ্রিসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম, রওশন আরা, আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) খন্দকার ফরিদুল হক। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, দোররা মারার বিষয়ে আরো তথ্য জানতে শিল্পীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেজন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশ বসিয়ে ফতোয়ার মাধ্যমে দোররা মারার পর হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়। হেনার মৃত্যুর পর তার বাবা দরবেশ খান থানায় একটি হত্যা মামলা করেন, যাতে ১৮ জনকে আসামি করা হয়। হেনার সঙ্গে চাচাত ভাই মাহবুবুর রহমান খানের সম্পর্কের ঘটনায় ওই সালিশ বসে। মামলার প্রধান আসামি মাহবুব এবং চামটা ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস শেখসহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম ময়না তদন্তে হেনার দেহে কোনো নির্যাতনের চিহ্ন না পাওয়ার কথা বলা হলে বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ নতুন করে ময়না তদন্তের নির্দেশ দেয়। ঢাকায় দ্বিতীয় দফায় ময়না তদন্তে নির্যাতনের প্রমাণ মেলে। দুই ময়না তদন্ত প্রতিবেদনের অমিল থাকায় বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করতে নির্দেশ দেয় উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে সালিশ করা ও দোররা মারার অভিযোগে হেনার মা আকলিমা আক্তার বাদি হয়ে ওই আসামিদের বিরুদ্ধে নড়িয়া থানায় আরেকটি মামলা করেছেন। এই মামলায় ওই ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলাটিও তদন্ত করছে সিআইডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৫ ঘ.