২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় লরি চুরমার, নিহত ২

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় একটি লরি চুরমার হয়ে দুজন নিহত হয়েছে। অন্যদিকে সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছে দুজন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 04:34 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

গাজীপুর, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় একটি লরি চুরমার হয়ে দুজন নিহত হয়েছে। অন্যদিকে সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছে দুজন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রীপুরের ঘোলাঘাট মাইজপাড়া এলাকায় ট্রেন-লরির সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। এ দুর্ঘটনাস্থল লেভেলক্রসিং হলেও সেখানে কোনো গেট ছিলো না। দুর্ঘটনায় আহত হয়েছে চার জন। হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শ্রীপুর থানার উপ-পরিদর্শক মো. আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামালপুরগামী একটি কমিউটার ট্রেনের সঙ্গে উন্মুক্ত ওই ক্রসিংয়ে বালুভর্তি একটি লরির সংঘর্ষ হয়। এতে লরিটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একই সময়ে অন্য দুর্ঘটনাটি ঘটে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার বাস স্ট্যান্ড এলাকায়। মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির উপপরিদর্শক মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজন নারী দিনমজুর বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন। ওই সময় গাজীপুরগামী একটি পিকআপভ্যান তারে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- ময়মনসিংহের মরিয়ম (৪১) এবং জামালপুরের মোসাম্মৎ বেগম (৪২)। পুলিশ পিকআপভ্যানটি আটক করলেও এর চালক পলাতক। পুলিশ কর্মকর্তা ইকবাল জানান, পরিবারের আবেদনে লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩১৩ ঘ.