ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এক পরিবারের ছেলের লাশ উদ্ধারের নয় মাস পর মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আয়েশা চৌধুরি টুম্পা (১৬) নামের মেয়েটির লাশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বুধবার উদ্ধার করেছে পুলিশ। সোমবার ঢাকা থেকে নিখোঁজ হন তিনি।
নয় মাস আগে টুম্পার বড় ভাই আল কাওসার মাসুদের লাশ নরসিংদী থেকে উদ্ধার করে পুলিশ।
টুম্পার বাবা আমানতউল্লাহ চৌধুরী জনশক্তি রপ্তানির ব্যবসা করেন। তাদের বাসা সেগুনবাগিচায়। টুম্পা সেগুন বাগিচা বেগম রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী ছিলেন।
বাবা-মাকে না জানিয়ে নরসিংদীতে এক মেয়েকে বিয়ে করেছিলেন টুম্পার বড় ভাই মাসুদ। বেশ কিছুদিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর প্রায় নয় মাস আগে নরসিংদী থেকে মাসুদের লাশ উদ্ধার করে পুলিশ।
টুম্পার লাশ উদ্ধার যেভাবে
বুধবার সকালে সিদ্দিরগঞ্জ শানারপাড় রসুলবাগের বটতলা লোহারব্রীজের নিচে বিলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা ভিড় করে। সেখানে বসবাসকারি টুম্পাদের এক আত্মীয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টুম্পার লাশ সনাক্ত করে বলে জানান টুম্পার মামা নজরুল ইসলাম।
পরে শাহবাগ থানা থেকে পুলিশ গিয়ে টুম্পার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসে।
টুম্পার মামা বলেন, "লাশ দেখে মনে হয়েছে তাকে শ্বাসরোধ করে এবং ঘাড় মটকে হত্যা করা হয়েছে।"
টুম্পার মামা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ ফেব্র"য়ারি বিকালে টুম্পা ৬/৪ সেগুনবাগিচার বাসা থেকে বের হয়। সন্ধ্যার পর বাসায় না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়।
তিনি বলেন, "পরে জানা যায় পুরাতন ঢাকা বোরহান উদ্দিন কলেজের প্রথম বর্ষের ছাত্র সাইদুর রহমান সাইদের সঙ্গে তাকে শহীদ মিনার এলাকায় দেখা গেছে।"
"রাতেই শাহবাগ থানার সহায়তায় সাইদকে খুঁজে বের করে থানায় আনা হয়," নজরুল বলেন, "থানায় আনার পর সাইদ জানায়, রাত সাড়ে ৯টা পর্যন্ত টুম্পার সঙ্গে সে বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাঘুরি করেছে। পরে বাসায় যাওয়ার জন্য সে [টুম্পাকে] রিক্সা করে দেয়। এরপর তার সঙ্গে টুম্পার আর যোগাযোগ হয়নি।"
পুলিশ সাইদকে পরদিন [মঙ্গলবার] থানায় এসে হাজিরা দেওয়ার শর্তে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়।
মঙ্গলবার টুম্পার খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। পুলিশ টুম্পার মোবাইল ট্র্যাক করে জানতে পারে টুম্পা সর্বশেষ রাত ১টায় তার এক খালাত ভাইয়ের সঙ্গে কথা বলেছে। তখন টুম্পার অবস্থান ছিল সিদ্ধিরগঞ্জ এলাকায়।
নজরুল ইসলাম জানান, মঙ্গলবার প্রায় সারাদিন সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন জায়গায় টুম্পার খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও পাওয়া যায়নি।
মঙ্গলবার রাতে সাইদ থানায় হাজিরা দিতে এলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
খতিয়ে দেখছে পুলিশ
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টুম্পা নিখোঁজ হওয়ার পর লাশ উদ্ধার করা হয়েছে। সাইদকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যায় সাইদ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন, "টুম্পা সর্বশেষ তার যে খালাত ভাইয়ের সঙ্গে কথা বলেছে পুলিশ তার সঙ্গে কথা বলে জেনেছে, টুম্পা বলেছে সে আর বাসায় ফিরে আসবে না।"
ওসি জানান, টুম্পার খালাত ভাইয়ের এই বক্তব্য কতটুকু সত্য তা খতিয়ে দেখা হচ্ছে। টুম্পার ভাই খুন হওয়ার ঘটনার সঙ্গে টুম্পা খুনের সংশ্লিষ্টতা আছে কি না তাও দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/পিডি/১৯৪৫ ঘ.
bdnews24