শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিদেশি অতিথিরা বাংলাদশে আসতে শুরু করেছেন। কিন্তু দেশের পর্যটন কেন্দ্রগুলোর তথ্য তাদের সামনে তুলে ধরতে বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় যে সব উদ্যোগ নিয়েছে, সেগুলোর বেশিরভাগই এখনও অসম্পূর্ণ রয়ে গেছে।
খেলা উপলক্ষে কতো লোক বাংলাদেশে আসছে, তারও কোনো হিসাব জানা নেই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদীর।
বিশ্বকাপ সংক্রান্ত প্রচারণামূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মঙ্গলবার বিকেলে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে একটি বৈঠকে বসে।
বৈঠকের কার্যবিবরণীতে বলা হয়, নির্ধারিত নয়টি প্রচারণামূলক কর্মসূচির মধ্যে আটটির কার্যাদেশ দেওয়া হয়েছে, তবে কোনোটিরই কাজ চূড়ান্ত করা হয়নি।
পর্যটক আকর্ষণের জন্য ওয়েব পোর্টাল কাজও এখনো শেষ হয়নি।
বৈঠকে জানানো হয়, এ লক্ষে দুটি ডোমেইন কিনে চালু (একটিভেট) করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে (বিসিসি) অনুরোধ করা হয়েছে ওয়েবপেজ তৈরি করে দেওয়ার জন্য। শিগগিরই এ কাজ শেষ হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
প্রচারণামূলক কাজের মধ্যে ঢাকা শেরাটন হোটেলে 'কান্ট্রি প্রেজেন্টেশনের' কথা থাকরেও তা করে করা হবে, তার দিন তরিখ এখনো ঠিক হয়নি। আদিবাসী মেলা আয়োজনের জন্য এখানো ভেন্যু খোঁজা হচ্ছে। এ দুটি কাজের জন্য কার্যাদেশ পেয়েছে 'স্পেলবাউন্ড' নামে একটি প্রতিষ্ঠান।
প্রচারণামূলক কাজে আটটি ইনফরমেশন বুথ বসানোর কথা থাকলেও শুধু শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বুথ খোলা হয়েছে। মিরপুর স্টেডিয়ামে আরেকটি বুথের কাজ চলছে। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনটি ও চট্টগ্রাম স্টেডিয়ামে একটি বুথ স্থাপনের কাজের কোনো অগ্রগতির কথা বৈঠকে উল্লেখ করা হয়নি।
পর্যালোচনা বৈঠকে জানানো হয়, বিদেশি অতিথিরা যাতে ঢাকার আশেপাশের আকর্ষণীয় এলাকা ঘুরে দেখতে পারেন, সেজন্য 'সাইট সিইং ট্যুর' আয়োজনের একটি দরপত্র অনুমোদন করা হয়েছে। এ ক্ষেত্রে অতিথির সংখ্যা জানার পর 'প্যাকেজ' ভিত্তিতে পর্যায়ক্রমে কার্যাদেশ দেওয়া হবে।
এছাড়া ১২ ধরনের প্রচারপত্র ছাপানোর জন্য ঢাকা সার্ভিস কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এসব প্রচারপত্রে পর্যটন কেন্দ্র ও বিভিন্ন আকর্ষণীয় স্থানের বিস্তারিত তথ্য তুরে ধরা হয়েছে। প্রতিটি প্রচারপত্র ছাপা হবে ২৫ হাজার কপি করে।
এছাড়া বিদেশি সাংবাদিক এবং আইসিসি ও বিভিন্ন দেশের ক্রিকেট দলের কর্মকর্তাদের দেওয়ার জন্য উপহার সামগ্রী সংগ্রহ করা হচ্ছে। এসব প্রচার ও উপহার সামগ্রীর আংশিক সরবরাহ ১৬ ফেব্রুয়ারিতে পাওয়া যাবে বলে বৈঠকের কার্যবিবরনীতে উল্লেখ করা হয়।
প্রচারণামূলক কাজের মধ্যে শুধু 'রোড শো' আয়োজনের বিষয়টিই চূড়ান্ত হয়েছে।
এখনো অনেক কাজ বাকি থাকলেও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব কাজ শেষ, অতিথিদের বাংলাদেশের যে কোনো জায়গায় এবং ঢাকার আশেপাশে ভ্রমণে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।"
ঠিক কতোজন অতিথি খেলা উপলক্ষে বাংলাদেশে আসছেন, তার সঠিক হিসাব হাতে নেই জানিয়ে শফিক আলম মেহেদী বলেন, "যতোজন অতিথি আসবে, সবার জন্যই ব্যবস্থা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/১৭২০ ঘ.
bdnews24