২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর ও নোয়াখালীতে দুইজন খুন

রংপুর ও নোয়াখালীতে দু'জন খুন হয়েছেন। এদের মধ্যে রংপুরে দুই মহল্লাবাসীর সংঘর্ষে এক জন নিহত হন। অন্যদিকে নোয়াখালীতে হত্যা করা হয়েছে এক শ্রমিককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর ও নোয়াখালীতে দু'জন খুন হয়েছেন। এদের মধ্যে রংপুরে দুই মহল্লাবাসীর সংঘর্ষে এক জন নিহত হন। অন্যদিকে নোয়াখালীতে হত্যা করা হয়েছে এক শ্রমিককে। বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধিদের পাঠানো খবর- রংপুর : শহরে দু'মহল্লার সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে। এলাকাবাসী জানান, সোমবার একটি নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে শহরের মেডিকেল পূর্বগেট মহল্লা এবং পশ্চিম নীলকন্ঠ মহল্লার বাসিন্দাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে দু'মহল্লাবাসীর সংঘর্ষে মেডিকেল পূর্বগেটের বাসিন্দা ভোলা, মমিন ও আজিজ আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে ভোলা মারা যান। অন্য দু'জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। নোয়াখালী: সেনবাগে মোহাম্মদ আলী নামে এক ইটভাটা শ্রমিককে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের রূপসা ইটভাটায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে পুলিশ ইটভাটার পাশ থেকে মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে। আলী লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. হোসেন নামে এক শ্রমিককে আটক করা হয়েছে। সেনবাগ থানার ওসি একে নজিবুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতে জুয়া খেলা নিয়ে কয়েকজন শ্রমিকের মধ্যে বিরোধ হয়। এক পর্যায়ে তারা ধারালো চুরি দিয়ে আলীর হাত-পায়ের রগ কেটে হত্যা করে বলে জানান ওসি। আলীর পিতা আবদুস সাত্তার বাদি হয়ে সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩০ ঘ.