২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলাদুন্নবীর সমাবেশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা

ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে তিনটি সংগঠন এক স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে তিনটি সংগঠন এক স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তা বলবৎ থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ হিরুজ্জামান। সুন্নী আন্দোলন ও তরিকত ফেডারেশন নামে দুটি সংগঠন বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলা শহরে শোভাযাত্রার কর্মসূচি দেয়। এর মধ্যেই কওমী মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদও একই সময়ে মিছিল-সমাবেশের কর্মসূচি দেয়। বিবদমান তিন পক্ষ এক সময়ে কর্মসূচি দেওয়ায় সংঘাত এড়াতে মঙ্গলবার রাতে প্রশাসনের এক বৈঠকে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত হয়। এ খবর জানিয়ে গভীর রাতে শহরে মাইকিংও হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, কেউ যদি ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করে, তবে তাদের কঠোর হাতে দমন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪৫ ঘ.