চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ১৭শ' ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর পাঁচলাইশ ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকির হোসেন (২৫) ও রিয়াজুদ্দিন বাজার এলাকার দোকানদার মোরশেদুল আলম (৩০)।
জাকির কক্সবাজারের টেকনাফ উপজেলার হাতিয়ার ঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে। মোরশেদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া গ্রামে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরির্দশক তপন কান্তি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচলাইশ থানাধীন সুন্নীয়া মাদ্রাসার পেছনে একটি বাসা থেকে জাকিরকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর স্টেশন রোড সংলগ্ন রিয়াজুদ্দিন বাজারের একটি ইমিটেশনের দোকান থেকে মোরশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার ছয়শ ৮০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি ও পাঁচলাইশ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/পিডি/২০২৩ ঘ.
bdnews24