২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব ঢাকার জলাশয় 'সংকটাপন্ন' ঘোষণার সুপারিশ

ঢাকার পূর্ব পাশের ৪০ শতাংশ 'নিষ্কাশন' এলাকাকে 'পরিবেশগত সংকটাপন্ন এলাকা' ঘোষণার সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক জলাশয় ও সংরক্ষিত জলাধার নিয়ে গঠিত ঢাকার পূর্ব পাশের ৪০ শতাংশ 'নিষ্কাশন' এলাকাকে 'পরিবেশগত সংকটাপন্ন এলাকা' ঘোষণার জন্য গেজেট প্রজ্ঞাপন জারির সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। রোববার 'ঢাকা ও এর পাশ্ববর্তী নদীসমূহ এবং অন্যান্য জলাশয় সংরক্ষণ কৌশল' বিষয়ে তিনটি খসড়া প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে কমিটি এ সুপারিশ করে। একই সঙ্গে 'নিরাপদ পানি আইন' অনুমোদন, পয়ঃনিষ্কাশন নীতিমালা তৈরি এবং 'ল্যান্ড জোনিং আইন' অনুমোদনেরও সুপারিশ করেছে কমিটি। জাতীয় সংসদ ভবনের পুরাতন মিনিস্টার্স হোস্টেলে আয়োজিত এক সভায় কমিটির পক্ষ থেকে এ সব সুপারিশ সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। খসড়া প্রতিবেদন তিনটি হলো- বাংলাদেশ পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু টেকসই উন্নয়ন লক্ষ্য; ঢাকার পাশ্ববর্তী নদীসমূহ এবং অভ্যন্তরীণ জলাশয় সংরক্ষণে টেকসই কৌশল; ঢাকার পাশ্ববর্তী নদীসমূহ এবং অভ্যন্তরীণ জলাশয়ের দূষণ প্রতিরোধ কৌশল। কমিটির সভাপতি আব্দুল মমিন তালুকদার সভায় এসব প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, জলাশয় রক্ষায় কার্যকর ব্যবস্থা না নিতে পারলে দেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংসদীয় কমিটি কৌশলপত্র প্রনয়ণের উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত প্রস্তাবনা বাস্তবায়ন হলে দ্রুত ইতিবচাক ফল পাওয়া সম্ভব হবে। সুপারিশ তুলে ধরতে গিয়ে স্থায়ী কমিটির উপ কমিটির আহ্বায়ক সদস্য সাবের হোসেন চৌধুরী জানান, ডিএনডি পয়ঃনিস্কাশন খালের প্রান্তে একটি বড় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন করতে হবে, যার মাধ্যমে প্রতিদিন পাঁচ লাখ ঘনমিটার বর্জ্য পরিশোধন করা যাবে। "শীতলক্ষা নদীর উভয় তীরে বৃহৎ শিল্প কারখানাগুলোর জন্য একক বর্জ্য শোধনাগার এবং গুচ্ছ আকারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন করতে হবে।" কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী মার্চের মধ্যে এসব সুপারিশের ব্যাপারে গণশুনানি করে প্রতিবেদন চূড়ান্ত করা হবে। এরপর তা সরকারের কাছে উপস্থাপন করা হবে। সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে পূর্ণাঙ্গ সুপারিশ বাজেটে অর্ন্তভূক্ত করতে পাঠানো হবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বলেও জানিয়েছে কমিটি। সভায় উত্থাপিত কৌশলপত্রে জলাশয়ের দূষণ রোধে প্রয়োজনী পদক্ষেপ নিতে আগামী বাজেটে ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সভায় উপস্থিত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রেইসনার বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির এ ধরনের উদ্যোগ খুবই জরুরি। গণতান্ত্রিক ও সংসদীয় সংস্কৃতির বিকাশে এ ধরনের উদ্যোগ নিয়মিত নেওয়া উচিত। অন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন একাব্বর হোসেন, মনোরঞ্জন শীল গোপাল, এম এ জব্বার, সোহরাব আলী সানা, গোলাম সবুর ও গিয়াস উদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০০২৩ ঘ.