পাবনা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় গাজনার বিল উন্নয়ন প্রকল্পের কাজ পাঁচ মাসেও শুরু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড।
৪১৩ কোটি টাকা ব্যয়ে পাবনার সুজানগর উপজেলার এই বিলে মাছের অভয়ারণ্য, খনন, ভূমি উন্নয়ন রাস্তাঘাট নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।
গত বছরের ১৭ অক্টোবর ৫ কোটি টাকা করে ৯টি গ্র"পের মোট ৪৫ কোটি টাকার দরপত্র গ্রহণ করা হয়। কিন্তু এখন পর্যন্ত কার্যাদেশ দেওয়া হয়নি।
২০০৯ সালে প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়। ২০১২ সালে কাজ শেষ করা কথা।
রোববার দুপুরে পাবনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনা থেকে এসব তথ্য জানা গেছে।
সভায় জেলার সকল বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের কথা শোনেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।
বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন।
গাজনার বিল উন্নয়ন কাজ নিয়ে মন্ত্রী প্রকল্প পরিচালক মো. আলী আকবর ও বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়ালকে ভর্ৎসনা করেন।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। না হলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়।
তিনি বলেন, ৩০ মাস আগে একনেকে গাজনার বিল উন্নয়ন প্রকল্পের জন্য ৪১৩ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে। অথচ এখন পর্যন্ত এক ছটাক মাটিও ফেলা হয়নি।
এছাড়া মন্ত্রী বলেন, ৮৯২ কোটি টাকার রেল লাইন প্রকল্প নেওয়া হলেও স্থানীয় প্রশাসন আইনগত জটিলতার কথা বলে সময় ক্ষেপণ করছে। ভূমি অধিগ্রহণ করা যাচ্ছে না।
রেল লাইন ও গাজনার বিল উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত গতিতে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
বেড়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান আরজু বলেন, ২০১২ সালের ৩০ জুনের মধ্যে গাজনার বিলের সংস্কার করতে না পারলে সকল টাকা ফেরত যাবে। টাকা বরাদ্দ হলেও গত দেড় বছরে কোনো কাজ এগোয়নি।
তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড যেভাবে কাজ করছে তাতে মানুষ 'পানি উন্নয়ন বোর্ডকে পানি উন্নয়ন বোর্ড না বলে এখন থেকে কেরাম বোর্ড বলবে'।
গাজনার বিল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলী আকবর ও বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আওয়াল আত্মপক্ষ সমর্থন করে বলেন, টাকার পরিমাণ বেশি হওয়ায় প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাতে হয়। সেখান থেকে অনুমোদন পেতে দেরি হয়। এ ক্ষেত্রে তাদের করার কিছু নেই।
পাবনার জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জেলার বিভিন্ন পৌরসভার মেয়ররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24