২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনা হত্যা: দ্বিতীয় মামলাও সিআইডিতে

শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়াবাজির শিকার হেনা আক্তার 'হত্যা'র দ্বিতীয় মামলাটিও সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

শরীয়তপুর, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়াবাজির শিকার হেনা আক্তার 'হত্যা'র দ্বিতীয় মামলাটিও সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, রোববার দুপুরে মামলাটি তাদের কাছে হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "উচ্চ আদালতের নির্দেশে অবৈধ সালিশ ও দোররা মারার অভিযোগে নড়িয়া থানায় ওই মামলাটি দায়ের করেন হেনার মা আকলিমা আক্তার।" গত শুক্রবার দায়ের করা ওই মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। তারা এর আগে দায়ের করা হেনা 'হত্যা' মামলারও আসামি। এদিকে হেনা 'হত্যা' মামলার আগে ও পরে উপজেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে কি না, তা খতিয়ে দেখতে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরো তিন দিন সময় নিয়েছেন। রোববার ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিলো। তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবি আবদুল্লাহ বলেন, "তদন্ত শেষ না হওয়ায় জেলা প্রশাসকের কাছে আবেদন করে আমরা সময় বাড়িয়েছি।" তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, "মামলার প্রধান আসামি মাহবুব হোসেন ও ইউনিয়ন পরিষদ সদস্য ইদ্রিস শেখ হেফাজতে (রিমান্ড) গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশ করা যাচ্ছে না।" গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশ বসিয়ে ফতোয়ার মাধ্যমে দোররা মারার পর ৩১ জানুয়ারি মারা যায় হেনা আক্তার (১৪)। হেনার সঙ্গে চাচাত ভাই মাহবুব হোসেনের 'পরকিয়া সম্পর্কের' অভিযোগে ওই সালিশ বসানো হয়। এরপর তার বাবা দরবেশ খাঁ নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মাহবুবসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও বাকি ১২ জনকে ধরতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৯২০ ঘ.