মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাসচাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার নিলুয়ার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার পরিদর্শক শওকত আলী জানিয়েছেন।
নিহত রাজিয়া (১০) ধামরাইয়ের আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
এ ঘটনায় এলাকাবাসী ঘিওর-দৌলতপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশের সহায়তায় বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ভিলেজ লাইন নামক একটি যাত্রীবাহী বাস রাজিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৩৬ ঘ.
bdnews24