২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও ফরিদপুরে তিনটি মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা ও ফরিদপুর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাতক্ষীরা ও ফরিদপুর থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা শহরের মাগুরা তালতলায় শনিবার দুপুরে, শ্যামনগর উপজেলায় শুক্রবার সন্ধ্যায় এবং ফরিদপুরের মধুখালী থেকে শনিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়। সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, শহরের মাগুরা তালতলা থেকে ভ্যানচালক আমিরুল ইসলাম (৩০) ও শ্যামনগর উপজেলার সীমান্ত নদী কালিন্দি থেকে জেলে আরশাদ আলীর (২৯) লাশ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, মাগুরা তালতলা গ্রামের আমিরুল শুক্রবার সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে মাছ ধরার সময় এক ব্যক্তির জালে আমিরুলের মৃতদেহ উঠে আসে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। এদিকে শ্যামনগর উপজেলার ঘোনা গ্রামের আরশাদ আলী গত ৭ ফেব্র"য়ারি কালিন্দি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। শুক্রবার সন্ধ্যায় ওই নদী থেকে বিজিবি সদস্যরা তার লাশ উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশে খবর দেয়। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, আরশাদ আলীর মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। দুই লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরশাদের পরিবার থানায় অপমৃত্যু মামলা করেছে। আমিরুলের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। ফরিদপুর প্রতিনিধি জানান, দুপুর সোয়া ২টার দিকে উপজেলার মাঝকান্দি গ্রামের একটি কলাবাগানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলা ও পেটকাটা লাশ পাওয়া গেছে। মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী খন্দকার বলেন, লাশ পাওয়ার স্থান ওই কলাবাগান থেকে দু'টি বড় ছোরাও উদ্ধার করা হয়েছে। তিনি জানান, নিহতের মুখে ছোট দাড়ি ও পরনে সাদা চেক শার্ট ও ছাই রংয়ের ফুলপ্যান্ট ছিল। বয়স আনুমানিক ৩৫ বছর। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মধুখালী থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১০৯ ঘ.