২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহুরেদের বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বললেন তথ্যমন্ত্রী

কৃষিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শহরের ব্যবহারকারীদের মিতব্যয়ী হতে বলেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শহরের ব্যবহারকারীদের মিতব্যয়ী হতে বলেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। শনিবার শেরাটন হোটেলে বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য 'জন ডেয়ার ট্রাক্টর' বাজারজাত উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশে জ্বালানি সংকট রয়েছে। এ সংকটের মাঝেই কৃষিকে প্রাধান্য দিতে হবে।" "বিদ্যুতের শহুরে ব্যবহারকারীরা একটু মিতব্যয়ী হলে- এসি কম চালালে, বাতি জ্বালানোর ক্ষেত্রে সচেতনতার পরিচয় দিলে- বিদ্যুৎ সাশ্রয় করলে উদ্বৃত্ত বিদ্যুত চলে যাবে কৃষকের কাছে।" "বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। কৃষকরা বাঁচলেই এদেশের অর্থনীতি বাঁচবে। তাই যে কোনো মূল্যে কৃষিকে প্রাধান্য দিতে হবে," বলেন তথ্যমন্ত্রী। নতুন নতুন কৃষি প্রযুক্তির তথ্য কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর পদক্ষেপ নিত্যে তিনি ইনজেন মটরসের প্রতি আহ্বান জানান। জন ডেয়ারের আরো তিনটি মডেলের ট্রাক্টরসহ বিভিন্ন কৃষি প্রযুক্তি সামগ্রী বাংলাদেশে বাজারজাত করছে ইনজেন মটর লিমিটেড। ইনজেন মটরস লিমিটেডের চেয়ারম্যান কাজী শাহবুদ্দিন শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রধান জন এফ ড্যানলুইজ, জন ডেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালক (মার্কেটিং) এলকে লিউ, ইনজেন মটরসের ভাইস-চেয়ারম্যান আসিফ মাহমুদ, ইনজেন মটরসের ব্যবস্থাপনা পরিচালক লুৎফে রাব্বি খান প্রমুখ। ভারতে তৈরি ৪৫ অশ্বশক্তির জন ডেয়ার ট্রাক্টর ঘণ্টায় পাঁচ থেকে ছয় একর জমি চাষ করতে পারে বলে জানান রাব্বি। আট লাখ ৬৫ হাজার টাকা মূল্যের এ ট্রাক্টরে এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ বিনামূল্যে ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, বর্তমানে গাজীপুরে ইনজেন মটরসের বিক্রয়কেন্দ্রে এ ট্রাক্টর পাওয়া যাবে। এ বছরের মধ্যেই কুমিল্লা, সিলেট, যশোর, ময়মনসিংহ ও ঝিনাইদহে আরো পাঁচটি বিক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। এর আগে শেরাটনে উইন্টার গার্ডেনে ইউএস ট্রেড ফেয়ারের ইনজেন মটরসের স্টলে বাংলাদেশের বাজারে জন ডেয়ার ট্রাক্টর আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৩৫ ঘ.