ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা আসি আসি করেও সময় করে উঠতে পারছিলেন না, তাদের অনেকেই শুক্রবার একুশের গ্রন্থমেলায় এসে বুক ভরে নতুন বইয়ের গন্ধ নিলেন।
রাত ৯টায় মেলা শেষে দর্শনার্থীরা যখন বাড়ি ফিরছিলেন, ক্লান্তি ছাপিয়ে আনন্দময় ছুটি উপভোগের তৃপ্তি ফুটে উঠছিল সবার চোখেমুখে।
এবারের মেলা শুরুর পর এদিনই একাডেমী প্রাঙ্গনের ভেতর-বাইরে ব্যাপক ভিড় দেখা গেল। কাক্সিক্ষত স্টলের কাছে পৌঁছাতেই যথেষ্ট বেগ পেতে হলো দর্শনার্থীদের। তবে এ নিয়ে কারো মুখে কোনো অভিযোগ শোনা গেল না। মেলায় এসে বইয়ের সঙ্গে ছুটি কাটাতে পেরেই যেন তাদের আনন্দ পুরো হলো।
শুক্রবার সকাল থেকেই আলোচনা অনুষ্ঠান, শিশু কিশোরদের সঙ্গীত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত।
বিকালে মেলার মূল মঞ্চে আলোচনা অনুষ্ঠানে 'দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল।
আলোচনায় অংশ নেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক কবি নাসির আহমেদ, সাংবাদিক ও গবেষক ড. আনু হোসেন ও গবেষক তারেক রেজা।
একই মঞ্চে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নৃত্য সংগঠন ভোরের পাখি ও আদিবাসী সাংস্কৃতিক সংগঠন আদিকণ্ঠ।
বইমেলার একাদশ দিন
এবারের মেলার একাদশ দিনে সর্বোচ্চ সংখ্যক নতুন বই এসেছে। এদিন নতুন বই এসেছে ২৩৯টি। মোড়ক উম্মোচিত হয়েছে ২২টির। এগার দিনে মোট ১ হাজার ৭৬টি বই মেলায় এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেকে/০০৩৯ ঘ.
bdnews24