২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুর ও টাঙ্গাইলে শুক্রবার সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 04:05 PM

Updated : 25 Apr 2022, 10:57 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর ও টাঙ্গাইলে শুক্রবার সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছে। এর মধ্যে রাতে গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ছয়জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের জলচ্ছত্র বাসস্ট্যান্ডে বাস চাপায় মারা গেছেন এক ভ্যানচালক। দুর্ঘটনার পর তার লাশ দিয়ে স্থানীয়রা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি সেতু এলাকায় রাত সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল লতিফ (৩৫) ও আব্দুল্লাহ (৩০)। তারা দু'জনেই উপজেলার বেতজুরি এলাকার অ্যাসরো পোশাক কারখানার শ্রমিক ছিলেন। মাওনা মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. রইজ উদ্দিন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৭টার দিকে গাজীপুর চৌরাস্তাগামী মাটিভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আইয়ুব আলী (২৪), আজহার (২৮), চম্পা (২৮) ও মালা রাণীকে (২৮) শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আল-আমিন (৩৪) নামের একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সার্জেন্ট জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে ঘটনাস্থলের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি সরিয়ে নিলে রাত ৮টার দিকে যান চলাচল আবার শুরু হয়। টাঙ্গাইল প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে মধুপুর উপজেলার জলছত্র বাসস্ট্যান্ডে বাস চাপায় মারা গেছেন আব্দুর রহিম (২৮) এক ভ্যানচালক। মধুপুর থানার ওসি শাহ্ জালাল সাংবাদিকদের জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা প্রান্তিক সুপার সার্ভিসের একটি বাস রহিমকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তার লাশ সড়কে রেখে বিক্ষোভ করে এবং বাসটি আটকে রাখে। পরে বেলা দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। পুলিশ বাসটি হেফাজতে নিয়েছে। চালক পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫২ ঘ.