সিলেট, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেট নগরীতে পিকআপ ভ্যান ও প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনায় দু'ঘণ্টা সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।
শুক্রবার দুপুরে নগরীর সোবহানীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকার সাভার থেকে প্রাইভেট কারযোগে রনি দেওয়ান নামে এক ব্যক্তি পরিবার নিয়ে সিলেট আসেন। নগরীর কুমারপাড়ায় তার প্রাইভেটকারের সঙ্গে সোবহানীঘাট স্ট্যান্ডের একটি পিকআপ ভ্যানের ধাক্কা লাগে।
এ নিয়ে দুই গাড়ির চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
কিছুক্ষণ পর কোতোয়ালি থানা থেকে পুলিশ গিয়ে
উভয় গাড়ির চাবি ও কাগজপত্র জব্দসহ গাড়ি দু'টি থানায় আনতে চাইলে শ্রমিকরা বাধা দেয়। তারা পিকআপ ভ্যানের চাবি ও কাগজপত্র ছিনিয়ে নেয় পুলিশ থেকে।
ওই অবস্থায় প্রাইভেটকারের মালিককে থানায় মামলা করার পরামর্শ দিয়ে পুলিশ ফিরে যায়।
এদিকে এ ঘটনার জেরে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি ও শ্রমিক নেতা আবদুল গফুরকে লাঞ্ছিত করার অভিযোগে দুপুর ১২টা থেকে সোবহানীঘাটে সড়ক অবরোধ করে শ্রমিকরা।
এ সময় রাস্তায় কয়েকশ' যানবাহন আটকা পড়ে।
বেলা ২টার দিকে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ চাঁদাবাজি করার চেষ্টা করেছিল। এর প্রতিবাদ করায় পুলিশ তাকে লাঞ্ছিত করেছে। খবর পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে।
কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক আল-আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিক নেতা আবদুল গফুর তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এছাড়া তার কাছ থেকে গাড়ির কাগজপত্র ও চাবি ছিনিয়ে নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৬ ঘ.
bdnews24