ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ব্যবসায়ীরাই এখন সংবাদপত্র প্রকাশের দায়িত্ব নিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রজতজয়ন্তী উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাবিবুর রহমান বলেন, "সাংবাদিকতার সূচনাকালে সংবাদপত্র প্রকাশ সৎকাজ হিসেবে বিবেচিত হতো। মিশনারীরা এ কজে লিপ্ত ছিলেন।"
"সংবাদপত্র প্রকাশের দায়িত্ব এখন ব্যবসায়ীরাই হাতে তুলে নিয়েছে," যোগ করে তিনি।
সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আর্ন্তজাতিক মানদণ্ডে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থান ১২৬তম উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ায় শ্রীলংকা ও মালদ্বীপ এ দিক দিয়ে বাংলাদেশের তুলনায় এগিয়ে।
"তাই আমাদের গণমাধ্যমকে আরো বহুদূর এগিয়ে যেতে হবে," যোগ করেন তিনি।
ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "সাংবাদিকতার মূল বিষয় হলো তার বস্তুনিষ্ঠতা ও স্বাধীনতা। এ পেশা সঠিকভাবে বিকশিত করতে চাইলে বস্তুনিষ্ঠতা বজায় রেখে স্বাধীনতার পথে হাটতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, "বর্তমানে গণমাধ্যম শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবই রাখছে না, সামাজিক ও পারিবারিকভাবেও এর প্রভাব অনেক শক্তিশালী।"
আলোচনা সভায় 'সংবাদমাধ্যমের স্বাধীনতার দ্বৈত সংকট ও উত্তরণ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. এ জে এম শফিউল আলম ভূইয়াঁ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য খায়রুল আনোয়ার মুকুল।
রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে বিকাল ৩টায় সমিতির সাবেক সদস্যদের স্মৃতিচারণ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০০৯ ঘ.
bdnews24