পাবনা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারীর হয়রানি সহ্য করতে না পেরে শুক্রবার দুপুরে পাবনায় তিন সন্তানের জননী আয়শা খাতুন আত্মহত্যা করেছেন।
আয়শা খাতুন (৩৫) আটঘরিয়া উপজেলার হিদেশকোল গ্রামের প্রয়াত লোকমান হোসেনের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, আয়শা খাতুনকে প্রায়ই প্রতিবেশী মো. শহীদ (৪০) অশোভন প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজী না হওয়ায় শহীদ আয়েশার বিরুদ্ধে নানা কুৎসা রটায়। এতে লজ্জায় অপমানে শুক্রবার দুপুরে নিজের ঘরে বিষপান করেন আয়শা।
ওই সময় আয়শার ছেলেরা কেউ বাড়িতে না থাকায় পাশের বাড়ির লোকজন তাকে পাবনা জেনারেল হাসপাতলে নিয়ে যায়। বিকালে তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার উপ-পরিদর্শক রওশন আলী বলেন, উত্ত্যক্তকারী শহীদকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24