২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2011, 09:39 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। এরমধ্যে রংপুরে বনভোজনের যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় তিন জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে এক শিশুকন্যা, মাদারীপুরে এক ব্যবসায়ী ও ঝিনাইদহে এক স্কুলশিক্ষক নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর- রংপুর : পীরগঞ্জের জামতলী এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৭টায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ৩ জন নিহত ও ৩০ জন আহত হয়। বাসযাত্রীরা কুষ্টিয়া থেকে পিকনিক করতে রংপুরের বিনোদন কেন্দ্র 'ভিন্নজগত' এ যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জের পথচারী আবুল হোসেন, কুষ্টিয়ার কদমতলির আল-আমীন। নিহত অপর নারীর পরিচয় জানা যায়নি। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বাসটি প্রথমে এক সাইকেলআরোহীকে চাপা দেয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার সময় বাসচালক ঝিমাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে যাত্রীদের। চাঁপাইনবাবগঞ্জ : নাচোলে পাওয়ার টিলারের চাপায় বৃষ্টি (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কের গজালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টি ফতেপুর ইউনিয়নের গজালবাড়ি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে। নাচোল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, সকাল সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর সড়কে ইট বোঝাই একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃষ্টিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ পাওয়ার টিলারটি জব্দ করেছে। এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । মাদারীপুর : শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় কালিপদ দাস (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উমেদপুরের ক্রোকেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, কালিপদ নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠার সময় অপর একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঝিনাইদহ : শহরের হামদো এলাকায় ট্রাকচাপায় আলিমুর হোসাইন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আলিমুর সুরাট গ্রামের বাসিন্দা এবং বানিয়াবহু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, সাইকেলআরোহী আলিমুরকে স্থানীয় আরিফ পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকাতে পাঠানো হয়। আসার পথে মাগুরাতে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৩৫ ঘ.