২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা-ইউপি চেয়ারম্যানের হাতাহাতি

মাদারীপুরে গুচ্ছগ্রাম প্রকল্পের কাজ নিয়ে সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও দুধখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির খানের মধ্যে হাতাহাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

মাদারীপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে গুচ্ছগ্রাম প্রকল্পের কাজ নিয়ে সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও দুধখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির খানের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় শফিক খান একটি মামলা করেছেন। পুলিশ হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম ইশরাত জাহানের কার্যালয় কক্ষে তার উপস্থিতিতে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই চেয়ারম্যান হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় শফিক খানের পাঞ্জাবী ছিঁড়ে যায় এবং হুমায়ুন কবির আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হুমায়ুন কবিরকে নিজেদের জিম্মায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির অভিযোগ করেন, শফিক খান ও তার লোকজন বুধবারও তাকে মারধর করেছে। ইউএনও বেগম ইশরাত জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উত্তেজনাবশত অযাচিত এ ঘটনা ঘটেছে। তবে উপজেলা চেয়ারম্যান নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।" নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুধখালী ইউনিয়নে গুচ্ছগ্রাম প্রকল্পের ৪৩৩ টন খাদ্যশস্যের কাজ নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। উপজেলা চেয়ারম্যান শফিক খান বলেন, "হুমায়ুন কবির আমাকে মারতে উদ্যত হলে আমি সরে যাওয়ার চেষ্টা করি। এ সময় ধ্বস্তাধ্বস্তিতে আমার পাঞ্জাবী ছিঁড়ে যায়।" দুধখালী ইউপি চেয়ারম্যান হুমায়ুন বলেন, "উপজেলা চেয়ারম্যান শফিক খান ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজ আকনসহ তার লোকজন আমাকে বুধবারও ইউএনও কার্যালয়ে মারধর করেছে।" তিনি অভিযোগ করেন, দুধখালী ইউনিয়নে গুচ্ছগ্রাম প্রকল্পের কাজ নিয়ে শফিক খান অবৈধ ক্ষমতা প্রয়োগ করছেন। প্রকল্পটি তিনি নিজে মন্ত্রনালয় থেকে পাস করালেও এ নিয়ে উপজেলা চেয়ারম্যান টালবাহানা করছেন। এ বিষয়ে মাদারীপুর থানার ওসি কায়য়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউপি চেয়ারম্যানকে থানায় আনা হয়। পরে উপজেলা চেয়ারম্যান শফিক খান একটি মামলা করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১০৬ ঘ.