২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় মৃত্যু, বাসে আগুন

ঝিনাইদহে বাস চাপায় এক মটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছে আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 01:32 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহে বাস চাপায় এক মটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছে আরো দুজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে শৈলকুপা উপজেলার চাঁদপুর এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। নিহত সুমি খাতুন (২২) চাঁদপুরে গ্রামের মান্নু মোল্লার মেয়ে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের জামাল হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী মারফত উল্লাহ জোয়ার্দার সাংবাদিকদের জানান, মেয়েকে নিয়ে সুমি বাবার সঙ্গে মটরসাইকেলে করে চিকিৎসক দেখাতে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। গ্রামের রাস্তা থেকে মূল সড়কে ওঠার পর কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে সুমি মারা যান। গুরুতর আহত অবস্থায় মান্নু মোল্ল্যা ও শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মান্নু মোল্ল্যাকে ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে আছে। ঝিনাইদহ থেকে আসা দমকলকর্মীরা বাসটির আগুন নেভানোর কাজ করছে। শৈলকুপা থানার ওসি ছগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর আশপাশের গ্রামের বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বাস আগুন দেওয়ার ঘটনায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.