২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'উন্নয়ন চ্যানেল' চালু করবে বিটিভি: তথ্যমন্ত্রী

বাংলাদেশ টেলিভিশনের 'উন্নয়ন চ্যানেল' নামে আরো একটি চ্যানেল চালু করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 12:52 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনের 'উন্নয়ন চ্যানেল' নামে আরো একটি চ্যানেল চালু করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান আবুল কালাম আজাদ। লক্ষীপুর-২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে সরকারি পর্যায়ে নতুন দু'টি চ্যানেল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে, জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি সম্প্রচারের জন্য 'সংসদ বাংলাদেশ' চ্যানেলের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। বিটিভি 'উন্নয়ন চ্যানেল' নামে আরো একটি চ্যানেলের চালুর প্রস্তুতি কাজ চলছে।" 'উন্নয়ন চ্যানেল' অচিরেই পরীক্ষামূলক সম্প্রচারে আসবে বলে আশাপ্রকাশ করেন আবুল কালাম আজাদ। ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, "ভারতে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো চালাবার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।" সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মোসাম্মৎ শাম্মী আক্তারের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের বিশেষ দিবসের তালিকায় সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং ৭ নভেম্বর অন্তর্ভুক্ত নেই। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আহমেদ নাজনীন সুলতানার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং জনমত গঠনের জন্য উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের আরেক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, "বিজ্ঞাপন নীতিমালা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। চ্যানেলগুলো সৃজনশীল বিজ্ঞাপন প্রচার না করে বিরক্তিকর ও অসৃজনশীল বিজ্ঞাপন প্রচার না করলে তাদের বিরুদ্ধে প্রণীতব্য নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮২৯ ঘ.