২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

দিনাজপুর ও সাতক্ষীরায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 12:24 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুর ও সাতক্ষীরায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন মারা গেছে। এর মধ্যে দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় মারা গেছে বাবা ও মেয়ে। সাতক্ষীরায় ট্রাক চাপায় মারা গেছেন মটরসাইকেল আরোহী এক কলেজছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: দিনাজপুর: বিরামপুরের মির্জাপুর মোড় এলাকায় দুপুর দেড়টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন সুরেন চন্দ্র রায় (৫০) ও তার মেয়ে মৌ রায় (৫)। পুলিশ জানিয়েছে, সুরেনের বাড়ি মির্জাপুর গ্রামে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন প্রায় এক ঘণ্টা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ ছিলো। দুপুর আড়াইটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরামপুর থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রাস্তা পার হওয়ার সময় মেয়েসহ সুরেন দুর্ঘটনার শিকার হন। দুজনই ঘটনাস্থলে মারা যায়। ওসি জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার খানপুর এলাকায় সকাল ১১টার দিকে একটি ট্রাক মটরসাইকেলকে সামনে থেকে চাপা দিলে একজন নিহত হন। আহত হয় আরো দুজন। নিহত ইশতিয়াক উদ্দীন হিরা (১৮) খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চলের শ্যামনগর উপজেলা প্রতিনিধি সালাউদ্দীন বাপ্পির ছেলে। তাদের বাড়ি শ্যামনগর সদরে। ইশতিয়াক শ্যামনগর মহসীন হোসেন ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথমবর্ষের ছাত্র ছিলেন। আহতরা হলেন- শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের শুকুর আলীর ছেলে কামরুল হাসান (২৪) ও একই উপজেলার শ্রীফলকাটি গ্রামের আব্দুল গণির ছেলে মিঠু (২৫)। হতাহতদের পরিবারের বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সাংবাদিকদের জানান, ইশতিয়াক তার দুই সহপাঠী কামরুল ও মিঠুকে সঙ্গে নিয়ে মটরসাইকেলে করে নলতায় বেড়াতে জন্য যাচ্ছিলেন। খানপুর এলাকায় পৌঁছানোর পর সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের (যশোর ট ১১-২১১৩) সঙ্গে মটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। কামরুল ও মিঠুকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসি আরো জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.