ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোররার শিকার হয়ে মারা যাওয়া হেনা আক্তারের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে পুনঃময়নাতদন্তে। তবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভোতা অস্ত্র দিয়ে আঘাতের কারণে রক্তক্ষরণে হেনার মৃত্যু ঘটেছে। এটি অপরাধজনক নরহত্যা।
হেনার শরীরের আটটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ আঘাতের জায়গাগুলোতে জমাটবাঁধা রক্ত পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে পাঠানো ময়নাতদন্ত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অনুজৈবনিক পরীক্ষায় তাকে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।
ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হেনার বুকের বাম পাশে নিচে-ওপরে, বুকের ডান পাশে ওপরে, তলপেটের পেছনে বামপাশে, তলপেটের পেছনে মেরুদণ্ডে ডানে ও মাঝখানে, বাম উরুর মধ্যে আর বুকের পাশে ডানদিকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আঘাতগুলো এক ইঞ্চি থেকে চার ইঞ্চি জায়গা জুড়ে রয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যরিস্টার এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগের প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও নতুন প্রতিবেদনে আটটি আঘাতের চিহ্ন রয়েছে।"
নতুন ময়নাতদন্ত প্রতিবেদন দেখে আদালত বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে আদালত বলেছে, "ইয়াসমিন হত্যার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল।"
আদালতে জমা দেওয়া নতুন সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, হেনার লাশে পচন ধরেছে এবং গন্ধ ছড়াচ্ছে।
হাইকোর্টের নির্দেশে কফিনে করে হেনার লাশ ঢাকা মেডিক্যালের ফরেনসিক মেডিসিন বিভাগে আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/পিডি/২৩৩২ ঘ.
bdnews24