২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়ীতে ছাত্রদলের সংঘর্ষ-ভাংচুর

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

নোয়াখালী, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা সদরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বুধবার রাতে এই সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১৫টি দোকানে হামলা ও ভাংচুর চালানো হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। খবর পেয়ে নোয়াখালী পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে অন্তত আটজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে দলের নেতাকর্মীরা। সমাবেশে আগে পরে বক্তৃতা করা নিয়ে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের উপজেলা শাখার দুই যুগ্ম আহবায়ক সাহাবউদ্দিন ও মোস্তাফিজুর রহমানের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সোনাইমুড়ী বাজারের বিরতি স্টোর, ইউছূফ কসমেটিকস, ফারুক স্টোর, সোহাগ স্টোর, ইউসুফ কনফেক্শনারী, সহিদের মুদি দোকান এবং শাজু, ইউছুফ, মনির, দুলালের ফলে দোকান ও পৌর কাউন্সিলর জসিমের কার্যালয় ভাংচুর হয়। সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- সাহাবউদ্দিন (২৮), জুয়েল (২০), শ্যামল (২২), মো. মিঠু (১৭), মো. মিলন (২৪), ইসমাইল হোসেন (২৮), মো. শাহেদ (২২), মাঈনউদ্দিন (২৬), মো. সোহেল (২৫), মো. সুজন (২৬), মো. রনি (২৫), পারভেজ হোসেন (২২), মো. জুয়েল (২৩) ও সুমন (৩০)। তাদের সোনাইমুড়ীর বজরা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (বেগমগঞ্জ সার্কেল) আলী হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে তিনি দাঙ্গা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এখন পর্যন্ত থানা কোনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। সোনাইমুড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতাহের হোসেন মানিক সাংবাদিকদের বলেন, পথসভা চলাকালে ছাত্রদলের ওই দুই নেতার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তাদের এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.