গাইবান্ধা, ফেরুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে গাইবান্ধায় এক প্রকৌশলীকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
বুধবার জেলা নেজারত ডেপুটি কালেক্টর আবুল কাশেম মো. শাহীন এ সাজা দেন।
দণ্ডিত জাকির ইবনে আলী পাঠান গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) উপ-সহকারী প্রকৌশলী।
বিচারক আবুল কাশেম মো. শাহীন বলেন, ওই প্রকৌশলী নাজমুল হোসেন নামের এক ঠিকাদারকে বিকালের মধ্যে ঘুষ দিতে সময় বেঁধে দেন।
ওই ঠিকাদার বিষয়টি গোয়েন্দা সংস্থা এনএসআই'র গাইবান্ধা কার্যালয়ে জানান। সেখান থেকে জানানো হয় ভ্রাম্যমাণ আদালতকে।
বিকাল সাড়ে ৩টার দিকে ঠিকাদাটির কাছ থেকে ১২ হাজার টাকা নেওয়ার সময় বিচারক তাকে হাতেনাতে ধরে ফেলেন।
ওই সময় প্রকৌশলীর কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়। সন্ধ্যায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24