ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সামিট গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান।
এমডি আজিজ খান ও চেয়ারম্যান ফরিদ খান বুধবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
তারা এ আদালতে জামিন চাইলে শুনানি শেষে বিচারক এফ এম আমিনুল ইসলাম তাদের জামিন দেন।
আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যরিস্টার ফজলে নূর তাপস।
এর আগে এ মামলার অভিযোগ থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অব্যাহতি দেয় হাইকোর্ট।
মামলার অন্য আসামিরা হলেন- সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দিন মাহমুদ কামাল খান, ইউনাইটেড গ্র"পের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুরের নাম এজাহারে ছিল না। অভিযোগপত্রে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ১৯৯৬ সালের ২৪ অক্টোবর থেকে ১৯৯৭ সালের ২৪ নভেম্বর পর্যন্ত খুলনা বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বঙ্গবন্ধু ট্রাস্ট মেমোরিয়ালের জমি কেনার জন্য ইউনাইটেড ও সামিট গ্র"পের কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নিয়েছিলেন।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় এ মামলাটি করেন দুদকের উপ-পরিচালক এস এম সাব্বির হাসান।
এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া কৌঁসুলি আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এ জামিনে আপত্তি জানিয়েছেন।
তিনি বলেন, "জামিনের আবেদনে অভিযুক্তদের আইনজীবী বলেছেন, এতদিন মামলাটির নথিপত্র হাইকোর্টে থাকায় তারা জামিন শুনানির সুযোগ পাননি।"
নথিপত্রে বিচারকের আদেশে দেখা যায়, রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের জামিনে কোনো বিরোধিতা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০৩৯ ঘ.
bdnews24