২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চালবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে'

প্রধানমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের মুখের গ্রাস নিয়ে যারা চালবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষের মুখের গ্রাস নিয়ে যারা চালবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চালের অড়তদার ও মিল মালিকদের তালিকা তার হাতে আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "কিছু খেলা চলছে। এভাবে দাম বাড়ার কথা নয়। কার কত মজুদ- তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। কারা কোন্ পন্থী তাও বের হয়ে যাবে।" জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মাহবুব আরা গিনির সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। অস্বাভাবিকভাবে কোনো ব্যবসায়ী গোষ্ঠি যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে সে জন্য গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সাপ্তাহিক ও পাক্ষিক বৈঠক হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে খাদ্য আমদানি করা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় সমাজতান্ত্রিক দলের হাসানুল হক ইনুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "সাধারণ মানুষের কষ্ট হতে দেব না। দরকার হলে সব উন্নয়নের কাজ বন্ধ করে খাদ্য আমদানি করব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব।" বর্তমান সময়ে যেখানে মোটা চালের দাম কেজি প্রতি ৩৪-৩৫ টাকা, সেখানে বিরোধী দল এখন রাষ্ট্র ক্ষমতায় থাকলে কেজি প্রতি চালের দাম ৮০/৯০ টাকা হতো বলে দাবি করেন সরকারপ্রধান হাসিনা। তিনি বলেন, "বিএনপি'র অভ্যাসই দাম বাড়ানো, আর আমরা কমাবো।" দ্রব্যমূল স্বাভাবিক রাখতে সরকারের প্রচেষ্টার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমরা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা যেমন বাড়িয়েছি, তেমনি বেতনভাতাও বাড়ানো হয়েছে। সরকার ইতিমধ্যে ২ লাখ ২১ হাজার জনকে চাকুরি দিয়েছে।" 'চাল ক্রয়ক্ষমতায় আনতে নানা পদক্ষেপ' আন্তর্জাতিক বাজারের চালের দাম বাড়ায় দেশেও চালের দাম বেড়েছে- এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "একই সঙ্গে দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মজুদ ঠিক রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।" আন্তর্জাতিক বাজার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে গত জুলাইয়ে যেখানে চালের দাম ৪৭০ ডলার ছিল, সেখানে তা বেড়ে ৫৪৩ ডলারে উঠেছে। জানুয়ারিতে ৫৩০ ডলারে নেমে এলেও চালের দাম বরাবরই বাড়ছে।" "পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার সক্ষম হয়েছে," বলেন হাসিনা। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য দ্বিতীয় প্রশ্নটি ছিলো- নোয়াখালী-৬ আসনের সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের। কিন্তু, ফজলুল আজিম অনুপস্থিত থাকায় স্পিকার আব্দুল হামিদ পরের প্রশ্নে চলে যান। এ সময় সংসদ নেতা স্পিকারকে বলেন, তিনি ওই পশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলেন। পরে, স্পিকার তার সিদ্ধান্তপরিবর্তন করে ফজলুল আজিমের প্রশ্নটি হবিগঞ্জ-৩ আসনের সাংসদ আবু জাহিরকে করতে দেন। এ সময় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চালের মূল্য নিয়ে আসার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বর্তমানে যথেষ্ট পরিমাণ চাল-গম মজুদ রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে চাল-গম আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক মূল্য পরিস্থিতি এবং বিভিন্ন রপ্তানি দেশে প্রাকৃতিক বিপর্যয় বিবেচনায় রেখে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি খাদ্যশস্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, "বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বন্দরের মাধ্যমে পণ্য সামগ্রী দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। "দ্রব্যমূল্য সহনীয় রাখতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, এফবিসিসিআই, পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠন, পাইকারী ও খুচরা বাজার সমিতির সঙ্গে যৌথ ও পৃথকভাবে বিভিন্ন সময় বৈঠক হচ্ছে।" এছাড়া, আন্তর্জাতিক বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমাগত ঊর্ধ্বমুখি প্রবণতার প্রেক্ষিতে আমদানি নির্ভর কমিপয় পণ্যের দেশীয় বাজার স্থিতিশীল রাখতে সরকার মূল্য নির্ধারণ কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সরকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যে ডি.ও ব্যবস্থার পরিবর্তে ডিস্ট্রিবিউটরশিপ পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এবং এ সংক্রান্ত আদেশ ভেটিংয়ের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে- জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, "শিগগিরই এ আদেশ কার্যকর করে পণ্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে আনা হবে আশা করা যায়।" 'কুয়াকাটা পর্যন্ত রেল যোগযোগ হবে' ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেননের এক পশ্নের জবাবে শেখ হাসিনা জানান, কুয়াকাটা পর্যন্ত রেলওয়ে সংযোগের আওতায় আনা হবে। পদ্মা বহুমুখী সেতু থেকে রেলওয়ে লাইন ফরিদপুরের ভাঙা পর্যন্ত যাবে। এই সংযোগকে বরিশাল পর্যন্ত নেওয়া সম্ভব কি না তা প্রধানমন্ত্রীর কাছে এক সম্পূরক প্রশ্নের জানতে চান মেনন। পঞ্চম সংসদে ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বরিশালের উজিড়পুর থেকে নির্বাচিত হয়েছিলেন। মেননের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, "বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন যেন পৌঁছাতে পারে আমরা সে ব্যবস্থা করব। "সকল জেলা যেন রেলওয়ে নেটওর্য়াকের আওতায় আসে- তা সরকার নিশ্চিত করবে। এতে করে অনেক কম খরচে যাতায়াত করা যাবে।" প্রধানমন্ত্রী বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন, "নিজেরা পারে নাই। অন্যরা পারুক- তা তারা চায় না। কারণ, উন্নয়ন কর্মকাণ্ডে লেনদেন থাকে। কমিশনের বিষয়টা জড়িত। আমাদের মধ্যে এসব নেই। যারা ব্যর্থ হয়েছিলো, তারা বাধা দিতে সক্রিয়।" শেখ হাসিনা আরো বলেন, "অনতিবিলম্বে এলিভেটেট এক্্রপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর কাজ শুরু হবে। কবে শুরু হবে সময়টা আমার কাছে আছে। তবে, আমি সারপ্রাইজ দিতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০২৬ ঘ.