২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিপুরে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে মারুবেনির সঙ্গে চুক্তি

৩৬০ মেগাওয়াট ক্ষমতার একটি কম্বাইণ্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ দু'টি সাব স্টেশন নির্মাণের জন্য জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৬০ মেগাওয়াট ক্ষমতার একটি কম্বাইণ্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ দু'টি সাব স্টেশন নির্মাণের জন্য জাপানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার। বুধবার রাজধানীর আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের সম্মেলন কেন্দ্রে জাপানের মারুবেনি করপোরেশনের সঙ্গে এ চুক্তি সম্পাদিত হয়। সরকারের পক্ষে চুক্তিতে সই করেন ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)'র সচিব কাজী নজরুল ইসলাম এবং মারুবেনি করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক হিডিকাতুস মিজুসিমা। ইজিসিবি'র চেয়ারম্যান এম এ মুত্তালিব বলেন, "৩৭৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে সিলেটের হরিপুরে গ্যাসভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র এবং সাব-স্টেশন স্থাপিত হবে।" তিনি বলেন, চুক্তির আওতায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়াও একই স্থানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) একটি এবং পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিজিসিবি) এর একটি নতুন সাব স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া পিজিসিবি'র বিদ্যমান সাব-স্টেশন আপগ্রেডেশন এবং পুরাতন স্টেশনগুলো ডিমোলিশনের কাজ করা হবে বলে জানান ইজিসিবি'র চেয়ারম্যান। এ কেন্দ্রের নির্মাণ কাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে এবং ২০১৩ সালের অগাস্টে শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ কেন্দ্র এবং সাব-স্টেশন দু'টি নির্মাণে আর্থিক সহযোগিতা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, "সরকার বিদ্যুতের উৎপাদন বাড়াতে বড় ধরনের একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে। তারই অংশ হিসেবে এটি নির্মাণ হচ্ছে। এধরনের আরো কয়েকটি কেন্দ্র নির্মাণ হলে বিদ্যুৎ সংকট প্রায় কেটে যাবে।" অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মো. এনামুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান এএসএম আলমগীর কবির, ইজিসিবি'র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কান্তি রাম রায় প্রমুখ। বর্তমানে দেশে সাড়ে ৫ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বিদ্যুতের দৈনিক গড় উৎপাদন প্রায় ৪ হাজার মেগাওয়াট। বুধবার সর্বোচ্চ উৎপাদন ছিলো ৩ হাজার ৮৮৩ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২০০৫ ঘ.