কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন গুলিতে আহত হওয়ার ঘটনায় করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে আধা বেলা হরতাল পালিত হয়েছে।
নিয়ামতপুর বাজার বণিক সমিতির ডাকে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
গত ৪ ফেব্র"য়ারি জেলা শহরের একরামপুর এলাকায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের গুলিতে গুরুদয়াল সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুল গুরুতর আহত হন।
তিনটি গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এখনো তার চিকিৎসা চলছে।
এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডাকা হরতাল চলাকালে সকাল থেকেই বাজারের সব দোকানপাট বন্ধ ছিলো। চলেনি যানবাহন। ব্যাংকসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক কার্যক্রম হয়নি।
হরতাল শেষে প্রায় ১০ হাজার লোক বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয়।
সেখানে বণিক সমিতির সভাপতি সালাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24