খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব মাইকেল চাকমার মুক্তি দাবি করেছে ইউপিডিএফ। মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরী থেকে তাকে র্যাব গ্রেপ্তার করে।
বুধবার বিকাল ৩টায় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় এক প্রতিবাদ সমাবেশে ইউপিডিএফ এ দাবি জানায়।
সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি ক্যহ্লাচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রীনা দেওয়ান ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সিমন চাকমা।
এছাড়া সকালে ইউপিডিএফ'র কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাইকেল চাকমাকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।
গ্রেপ্তারের পর মাইকেলকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মঙ্গলবার রাতে পাহাড়তলী থানার বণিকপাড়া থেকে অস্ত্রসহ এই ইউপিডিএফ নেতাকে র্যাব গ্রেপ্তার করে। পরে অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
তার কাছ থেকে দুইটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুইশ'টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে র্যাব দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২২ ঘ.
bdnews24