সাতক্ষীরা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদালতের নির্দেশ অমান্য করায় সাতক্ষীরা মহিলা আওয়ামী লীগের সভাপতি রিফাত আমিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে জ্যেষ্ঠ সহকারী জজ জাহিদুল ইসলাম এই আদেশ দেন।
রিফাত আমিন শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম রুহুল আমিনের স্ত্রী।
রায়ে বলা হয়েছে, আসামিকে আগামী ১৩ ফেব্র"য়ারি সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।
বাড়ি ভাড়া নিয়ে করা মামলাটির বাদি শহরের সুলতানপুর এলাকার আনিছুর রহিম।
তার আইনজীবী অ্যাডভোকেট ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনিছ ১৯৯৯ সালের অক্টোবরে রিফাত আমিনের কাছ থেকে বাড়ি ভাড়া নেন। ২০০২ ভাড়ার মেয়াদ শেষ হওয়ার পর ওই বছরের ডিসেম্বরে ১০ বছরের জন্য চুক্তি নবায়ন করেন।
সেখানে তিনি সাতক্ষীরা প্রি-ক্যাডেট নামের একটি বিদ্যালয় পরিচালনা করে আসছিলেন।
এর মধ্যে চুক্তি ভেঙ্গে রিফাত আমিন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বিদ্যালয়ের পরিচালক আনিছকে নোটিশ দেন।
বাড়ি ছাড়তে রাজি না হওয়ায় গত বছরের ৫ জানুয়ারি রাতে রিফাত আমিন লোকজন নিয়ে বিদ্যালয়ের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র বাইরে বের করে দেন।
পরদিন আনিছুর রহিম সাতক্ষীরার জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে একটি মামলা করেন। একইসঙ্গে তিনি আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞারও আবেদন জানান।
শুনানি শেষে আদালত ১৫ দিনের জন্য স্থিতিবস্থা জারি করেন।
কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে পরের দিন রাতে রিফাত আমিন আবারো লোকজন নিয়ে বিদ্যালয়ের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৮ ঘ.
bdnews24