ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তারের লাশের নতুন ময়নাতদন্তের প্রতিবেদন হাইকোর্টে এসেছে জানিয়ে সরকারি এক আইন কর্মকর্তা বলেছেন, আগেরটির সঙ্গে এর অমিল রয়েছে।
প্রথম ময়নাতদন্তে হেনার দেহে কোনো নির্যাতনের চিহ্ন না পাওয়ার কথা বলা হলে সোমবার হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মোজ্জাকির হোসেনের বেঞ্চ নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়।
নতুন ময়নাতদন্তের প্রতিবেদন বুধবার সুপ্রিম কোর্টে এসেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
তিনি বলেন, "আগের রিপোর্টের সঙ্গে নতুন রিপোর্টের অসামঞ্জস্য রয়েছে।" তবে অমিল কোথায়, তা স্পষ্ট করেননি সরকারি এ আইন কর্মকর্তা।
গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে শালিসে দেওয়া ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়।
হেনার মৃত্যু প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিলো- তা জানাতে এর আগে নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শরীয়তপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলো হাইকোর্টের একই বেঞ্চ।
গত বছরের ৮ জুলাই ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এ ধরনের শাস্তি প্রদান ও কার্যকরে জড়িত, উপস্থিত ও সহায়তাকারী ব্যক্তি ফৌজদারি অপরাধ ও শাস্তির আওতায় আসবে।
ওই রায়ের সূত্র ধরেই আদালত এ আদেশ দেয়। এরপর নতুন করে ময়নাতদন্ত করতে আলাদা আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩০০ ঘ.
bdnews24