২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসির চেয়ারম্যান প্রত্যাহার

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানসহ প্রশাসনের তিন উপসচিবকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানসহ প্রশাসনের তিন উপসচিবকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার এসব আদেশে জারি করে। বিপিসির চেয়ারম্যান পদে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব আনোয়ারুল করিমকে প্রত্যাহারের পর পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। উপসচিব মর্যাদার কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক খায়রুল ইসলাম, রেলওয়ে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (পশ্চিম) সুকুমার চন্দ কণ্ডু এবং রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পাহাড়তলীর বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী জোবায়ের আহমদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব দেওয়ান সাঈদুল হাসানকে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) পদে প্রেষণে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আলতাফ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৯২৮ ঘ.