২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার পোশাক কারখানায় অসন্তোষ

উৎপাদন মজুরি কম দেওয়া ও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে সাভার ও গাজীপুরে চারটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উৎপাদন মজুরি কম দেওয়া ও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে সাভার ও গাজীপুরে চারটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুরের কারখানা দু'টিতে বিক্ষোভের জেরে ভাংচুরের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার একটি কারখানার আন্দোলনকারী শ্রমিকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: গাজীপুর: সোয়েটার প্রতি উৎপাদন মজুরি কম দেওয়ায় শ্রীপুর উপজেলার বেরাইদের চালা এলাকায় ওয়েলডান নামের পোশাক কারখানায় কর্মবিরিতি পালন করেছে শ্রমিকরা। তারা কারখানায় ভাংচুর করে বলেও পুলিশ জানিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) মীর জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার কারখানাটির শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। তখন উৎপাদন মজুরি কম দেওয়া হয়েছে বলে দাবি করে শ্রমিকরা। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে সাড়ে ৮টার দিকে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কারখানার জানালার কাচ, দুটি কম্পিউটার, ৩৮টি মেশিন, আসবাবপত্র ও টেলিফোনসেট ভেঙে যায়। পুলিশ কর্মকর্তা জানান, সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা কারখানা এলাকা ত্যাগ করে। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কাজকর্ম বন্ধ রয়েছে বলে তিনি জানান। শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে এবং তিন কর্মকর্তার অপসারণের দাবিতে গাজীপুর সদরের কোণাবাড়ি এলাকায় সোয়ান-৩ পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। এএসপি জিয়াউল জানান, বেশ কয়েকদিন ধরেই এ কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করে আসছে। বিকেল ৪টা পর্যন্ত কর্তৃপক্ষ দাবি না মানলে বিক্ষুদ্ধ শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে কারখানার জানালার কাচ ভাংচুর করে। পরে পুলিশ বিক্ষুদ্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয় বলে পুলিশ কর্মকর্তা জানান। সাভার: আশুলিয়ার ডেন্ডাবর এলাকার ওশান গেট সুয়েটার কারখানার শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে একদল দুস্কৃতকারী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কারখানার নিচতলায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, মজুরি বাড়ানোর আন্দোলনকে দমাতে মালিকপক্ষ ভাড়াটিয়া গুণ্ডাদের দিয়ে এই হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রিপন (২৫), সাত্তার (২৮), বিজয় (২৫), সাথী (২২) ও আব্দুল কাদের (২৮)। কারখানার শ্রমিক পান্না শেখ (২৬) ও পারভীন আক্তার (২৬) জানান, কিছুদিন ধরে লিংকিং সেকশনের শ্রমিকরা উৎপাদন মজুরি বাড়ানোর জন্য আন্দোলন করে আসছে। কর্তৃপক্ষকে তাদের দাবি লিখিতভাবে জানানোও হয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দাবি মানেনি, বরং ভয় দেখাচ্ছে বলে এই দুই শ্রমিক অভিযোগ করেন। তারা জানান, দুপুরে খাবার বিরতির সময় শ্রমিকরা নিচে নামলে দুস্কৃতকারীরা হামলা চালায়। অভিযোগ অস্বীকার করে কারখানার উৎপাদন ব্যবস্থাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের দাবি ও অভিযোগ অযৌক্তিক। তিনি বলেন, শ্রমিকদের ওপর কারা হামলা করেছে তা তদন্ত করে দেখা হবে। ঘটনাস্থলে থাকা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, আহতরা থানায় মামলা দায়ের করলে তা গ্রহণ করা হবে। কারখানার সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানাটিতে প্রায় ১২০০ শ্রমিক কাজ করেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে গত মাসের (ফেব্র"য়ারির) বেতনের দাবিতে সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) 'আমরা এপারেলস' এর শ্রমিকরা কর্মবিরতি পালন করে। সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতর বিক্ষোভ করে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ভারতীয় মালিকানাধীন এ কারখানাটি ইপিজেড'র নতুন জোনে। এখানে প্রায় এক হাজার শ্রমিক কাজ করে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান জানান, সাধারণত প্রতি মাসের সাত তারিখে বেতন হয়। কিন্তু এবার রপ্তানি পণ্য পাঠাতে (শিপমেন্ট) সমস্যা হওয়ার কারণে কিছুটা দেরি হচ্ছে। কয়েকদিনের মধ্যেই বেতন দেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/সিএস/এমএসবি/১৮৫৮ ঘ.