ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ ও নওগাঁর বিভিন্ন স্থান থেকে চারটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে সোমবার দুই অজ্ঞাতনামা যুবকসহ এক নিরাপত্তারক্ষী এবং নওগাঁয় রোববার এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ : সোনারগাঁও উপজেলায় অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টায় কাঁচপুর বৈহাকুর এলাকার একটি ডোবা থেকে লাশ দু'টি উদ্ধার করে পুলিশ।
শুক্রবার একই জায়গা থেকে পুলিশ অজ্ঞাতনামা আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছিলো।
সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী বলেন, নিহতদের নাকে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের হাত-পা বাঁধা ছিলো। পরনে ছিলো কালো প্যান্টস ও খয়েরি শার্ট।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এছাড়া সোমবার সকালে শহরের সিরাজউদ্দৌলাহ্ সড়কের পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে কাশীরাম সিং (৭০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
তিনি শহরের টানবাজার র্যালি বাগান এলাকার বাসিন্দা।
কাশীরাম কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট-এর অঙ্গপ্রতিষ্ঠান কুমুদিনী অ্যাপারেলস এর নিরাপত্তা প্রহরী ছিলেন।
তার ছেলে জীবন সিং সাংবাদিকদের বলেন, তার বাবা রোববার বিকালে অসুস্থ বোনকে দেখতে শহরের খানপুর এলাকার একটি বেসরকারি ক্লিনিকে যান। এ সময় তার মাও সঙ্গে ছিলেন।
রাত ৯টায় কাশীরাম সিং একাই ক্লিনিক থেকে নিজের বাসার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি আর বাসায় ফিরে যাননি। পরিবারের লোকজন তার মোবাইল ফোনও বন্ধ পায়।
সোমবার সকালে খবর পেয়ে কাশীরামকে সনাক্ত করেন বলে জানান জীবন সিং।
কাশীরামের সঙ্গে থাকা টাকা, মোবাইল ফোনসেট ও হাতঘড়ি কিছুই পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
নওগাঁ: মহাদেবপুরে অনাথ অধিকারী (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৯টায় আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
অনাথ উপজেলার শিবপুর গ্রামের বিশ্বনাথ অধিকারীর ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় তার পরিবারের সদস্যরা।
তারা জানায়, চারদিন ধরে অনাথ নিখোঁজ ছিলেন।
মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন মো. অনু ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার শিবপুর গ্রামের ঘুটুর ঘাট এলাকায় আত্রাই নদীতে এক ব্যক্তির লাশ ভেসে উঠে।
এ ব্যাপারে মহাদেবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান শাহীন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24