সাতক্ষীরা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিতে নিহত রাখাল কবিরুলের লাশ ৫৬ দিন পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
সোমবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে তার পঁচাগলা হস্তান্তর করা হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাকিমপুর ক্যাম্পের পরিদর্শক লক্ষ্মী নারায়ন এই লাশ হস্তান্তর করেন। এসময় বিএসএফ'র সাতজন সদস্য উপস্থিত ছিলেন।
লাশ গ্রহণের সময় বিজিবি ৪১ ব্যাটালিয়নের মাদরা কোম্পানির কমান্ডার সুবেদার আব্দুল মোতালেবসহ ৮ জন বিজিবি সদস্য এবং কলারোয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।
সুবেদার আব্দুল মোতালেব লাশ হস্তান্তরের ঘটনা স্বীকার করে বলেন, "গত ১৩ ডিসেম্বর ভোররাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি করে কবিরুল ইসলামকে (২৬) হত্যা করে। সে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সুবেদার মোতালেব আরো জানান, বিজিবি'র পক্ষ থেকে গত ১৩ ডিসেম্বর দুপুরে ভারতের ১২৬ ব্যাটালিয়নের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে প্রতিবাদ লিপি পাঠিয়ে লাশ ফেরত চাওয়া হয়েছিল। তাতে সাড়া দিয়ে সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কবিরুলের লাশ ফেরত দেয় বিএসএফ।
কবিরুলের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ১১ ডিসেম্বর শনিবার রাতে ৭/৮ জনের একদল রাখাল কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায়। ১৩ ডিসেম্বর সোমবার ভোরে দেশে ফেরার সময় ভাদিয়ালী সীমান্তের কাছে ভারতের হাকিমপুর বাজারে পৌঁছালে হাকিমপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।
এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে কবিরুল ইসলাম (২৬) ঘটনাস্থলেই মারা যায়। পরে তার লাশ ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরুপনগর থানায় রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫৯ ঘ.
bdnews24